নিরুপমা বলেছিল গাছটা জাদু গাছ… আমার বিশ্বাস না করার কোন কারনও ছিল না। সত্যি তো… আমি গাছটার নীচে বসে নিরুপমার আসার অপেক্ষা করছিলাম আর তখনি ও…
যত সুন্দর না নিরু দেখতে তার থেকে বেশি সুন্দর ছিল ওর কথা… বলতে গেলে ওর জ্ঞানে আমি মুগ্ধ … নিরুর মা নিশ্চয়ই খুব সুন্দরী ছিলেন… কারন ওর বাবাকে দেখার পর তারথেকে আমার বিশেষ কিছু আশা ছিল না…
ওইদিনের পরথেকে এটা আমাদের ডেইলি রুটিন হয়ে যায়… মানে আমি স্কুল থেকে ফিরে নির্দিষ্ট সময়ে কোটরে বশে অপেক্ষা করতাম… একটু পরে নিরু আসত। কখনো বা আমি গিয়ে দেখতাম নিরুপমা গাছের কোটরে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে পা দোলাচ্ছে আর গুন গুন করে কিছুর একটা সুর ভাঁজছে…
সুরটা আমার খুব অচেনা ছিল… কিন্তু কতকালের চেনা হতে বেশি সময় নিল না…
প্রথম প্রথম আমারা গাছের নীচে হুটোপুটি করতাম… গাছের ডালগুলোকে দোলনার মত ব্যাবহার করতাম…
দিন গেল… বছর ঘুরতে লাগল ,সময় বাড়তে লাগল… আমরাও থেমে নেই… আমরা তখন কথা বলতাম... নানারকমের...
স্কুল শেষ করে বাড়িতে নাকেমুখে কিছু একটা গুঁজেই আমি একছুটে গাছতলায়… আমি আর নিরু পাশাপাশি বসতাম… কখনো কখনো নিরু ওর মাথাটা আমার কাঁধে এলিয়ে দিয়ে চোখবুজে সেই সুর গুঙ্গুন করত… আর আমি মন্ত্রমুগ্ধের মত আমার সারাদিনটা ওর কাছে ছবির মত তুলে ধরতাম।
কখনো বা আমার মামার বিদেশ থেকে এনে দেওয়া ওয়াকম্যানটাতে দুজনে গান শুনতাম...
নিরু বারবার আমাকে কিশোর কুমারের “ওগো নিরুপমা” গানটা চালাতে বলত... পরপর সেই একই গান সে শুনবে। মাথা নিচু করে একটা শুকনো পাতা ভাঁজ করছিল নিরুপমা...
-কিহল... গানটা চালাও...
-আরও সুন্দর অনেক গান কিন্তু আমার কাছে আছে নিরু...
নিরু মাথা তুলল... তারপর ওর প্রাণকাড়া হাসি ...
-বাঃরে! গানটা আমাকে নিয়ে লেখা আর আমি শুনব না!!
বলে ওর কাধ অব্দি খোলা ঝাঁকড়া চুল ঝাকিয়ে হাসতে লাগল... বিকেলের সদ্যজাত ঠাণ্ডা বাতাস ওর চুল ছুঁয়ে আরও দামাল হয়ে যাচ্ছিল... গাছের পাতারাও সেই আনন্দে খেলে উঠছিল... আর তার ফাঁক দিয়ে ঝিকিমিকি রোদ এসে ওর মুখে পরম আমোদে নাচানাচি করছিল...
-কিহল! চালাও... বলে নিরু ভাঁজকরা পাতাটা আমার দিকে ছুঁড়ে মারল টুস্কি দিয়ে...
-হ্যাঁ হ্যাঁ... আমি অতিকষ্টে চোখ সরিয়ে নিয়ে “প্লে” করলাম...
“... লতার মত জড়িয়ে রয়েছ গাছে
বুঝি ফুল ফুটবার সময় এসেছে কাছে
এমন মধুর ভঙ্গিমা আমি কোনোদিন
ভুলবোনা যেন কিছুতেই
ভুলবোনা যেন কিছুতেই
ওগো নিরুপমা ...”
বাজতে লাগল... নিরু এখন ১৩...
আমার জন্মদিন এগিয়ে আসছিল... বেশ ধুমধাম করে করা হবে এবারে... কারন বড় মামা বিদেশ থেকে আসছেন। মা বল্ল সব বন্ধুদের বলে দিতে।
-নিরু, তুমি আসবে তো...
-আসব।
ক্রমশ

No comments:
Post a Comment